শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
জাতীয়
13 Nov, 2026

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক : ১১ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১১ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্য শূন্য লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, ডা. জুবাইদা রহমানের সঙ্গে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট’ কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান। ২০১৭ সালে শুরু হওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশদূষণ রোধ করা। তাঁর উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারিত হয়েছে। ২০২২ সালে জাতিসংঘ ৩০ মার্চকে আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস ঘোষণা করে।

এদিকে, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়। সূত্র: ইনকিলাব